ঢাকা: আজ মুক্তি পাচ্ছে ইমন-জানভী জুটি অভিনীত প্রথম ছবি ‘জানে না এ মন’ ছবিটি। বৃহস্পতিবার সিরাজগঞ্জের চালায় সাগরিকা হলে মুক্তি পেয়েছে এমএ রহিম পরিচালিত এ ছবিটি। প্রথম দিনের শোতে সাগরিকা সিনেমা হলে বসে ছবিটি উপভোগ করেছেন ইমন ও জানভী। সাথে ছিলেন আলেক জেন্ডার বো, প্রযোজক তৌহিদ হাসান চৌধুরী, পরিচালক এমএ রহিম, নৃত্যপরিচালক সাইফ খান কালু, খল অভিনেতা কমল, সিনেমাটোগ্রাফার জামানসহ চলচ্চিত্রটির অন্য কলাকুশলীরা। ছবিটি দেখতে গিয়ে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইমন-জানভী।
প্রথম ছবি মুক্তির প্রতিক্রিয়ায় জানভী বলেন, ‘হলভর্তি দর্শকের সঙ্গে জীবনের প্রথম ছবি উপভোগ করেছি। দর্শকের ভালোবাসায় আমি সিক্ত। তাদের এ ভালোবাসার জন্য ভবিষ্যতে আরও ভালো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।’ চিত্রনায়ক ইমন বলেন, ‘ঢাকার ভেতরে দর্শকের সঙ্গে বসে অনেক চলচ্চিত্র দেখেছি আমি। তবে ঢাকার বাইরে এবারই প্রথম। সত্যিই এক অন্যরকম অনুভূতি।’ স্পর্শ মিডিয়ায় ব্যানারে নির্মিত এ ছবিটি আজ ৭১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।